নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ডুবে ৩ শিশুর মৃত্যু
পরিবারকে না জানিয়ে তিন শিশু নদীতে গোসলে যায়।
নরসিংদীর বেলাবো উপজেলায় আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাত ১১টার দিকে আড়িয়াল খাঁ নদের বীরাকান্দা এলাকা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয় বলে বেলাবো থানার ওসি তানভীর আহাম্মেদ জানান।
নিহত শিশুরা হলো- বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (৮), একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৭) ও ফারুক মিয়ার মেয়ে হালিমা (৭)।
স্থানীয়রা জানান, রোববার দুপরে কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায় তিন শিশু। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টা দিকে পাশের আড়িয়াল খাঁ নদে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। কাছাকাছি সময়ে আরও দুজনের মরদেহ ভেসে উঠে।
ওসি বলেন, পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ছাড়াই সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
