সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলার ‘মূল হোতাকে’ গ্রেপ্তারের দাবি
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি রেখে মামলা করেছেন।
সাতক্ষীরায় প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলার ‘মূল হোতাকে’ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহরের শহীদ সাংবাদিক আলাউদ্দিন চত্বরে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, হামলার ভিডিও দেখে সব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সোমবার বাংলাদেশ বেতারের সাংবাদিক ও প্রেস ক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম অভিযোগ করেছিলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে সাংবাদিক আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন।”
এ ঘটনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি রেখে সদর থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সাংবাদিকরা জানান, মঙ্গলবার সকালে সাংবাদিক নেতাদের নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন মতবিনিময় সভা করে। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভা আহ্বানের সিদ্ধান্ত হয়।
এই পরিপ্রেক্ষিতে ৮ জুলাই পর্যন্ত সাংবাদিকদের সব আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আশ্বাসও দিয়েছেন।
এই অবস্থার মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাসসের সাংবাদিক আসাদুজ্জামান, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সহসভাপতি মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক ও ডেইলি আওয়ার টাইমসের সাংবাদিক ফরিদ আহমেদ ময়না।
আবুল কাসেম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ক্ষান্ত দিলে সন্ত্রাসীরা আরও মাথাচাড়া দিয়ে উঠবে। দ্রুতই প্রধান আসামিসহ সবাইকে গ্রেপ্তার করতে হবে।
সাতক্ষীরা থানার ওসি শামীনুল ইসলাম বলেন, “সাংবাদিকদের উপর হামলার ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। হামলার ঘটনায় সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।”
আরও পড়ুন:
