২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা প্রেস ক্লাবে হামলায় ডিবিসি ও বেতারের সাংবাদিকসহ আহত ১০

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেস ক্লাবে হামলায় ডিবিসি ও বেতারের সাংবাদিকসহ আহত ১০
সাতক্ষীরা প্রেস ক্লাব।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

সাতক্ষীরা প্রেস ক্লাবে সাধারণ সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি ও বাংলাদেশে বেতারের প্রতিনিধিসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার দুপুরে এ ঘটনা পর প্রেস ক্লাবের সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে বলে জানান সাতক্ষীরা থানার ওসি শামীনুল ইসলাম।

আহতরা হলেন- বাংলাদেশ বেতারের সাংবাদিক ও প্রেস ক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমান, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক অনির্বানের সোহরাব হোসেন, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান লিটু, সোহরাব সবুজ, রমজান, রেজাউল ইসলাম বাবলু। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবুল কাশেম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে সাংবাদিক আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন।” 

বাংলা ভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, “আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অগঠনতান্ত্রিক ও অবৈধ উপায়ে প্রেস ক্লাব দখল করে রেখেছেন। তাদের মতের বিরুদ্ধে গেলেই হামলা ও নির্যাতন চালানো হয়।”

হামলার বিষয়ে জানতে সাতক্ষীরা প্রেস ক্লাবের আরেকপক্ষের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীকে একাধিকবার মোবাইল করা হলে তারা ফোন কেটে দেন।

হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। 

ওসি শামীনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে।