‘ওজন কম’: বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত
“ফেরত দেওয়া ওই ৬৫টি বকনা বাছুরের ওজন ‘সামান্য’ কম ছিল।”
ওজন কম হওয়ার কারণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে প্রশাসন। এতে গরু নিতে আসা মৎস্যজীবীদের ফিরতে হয়েছে খালি হাতে।
বৃহস্পতিবার উপজেলার ১২০ মৎস্যজীবীর মাঝে ১২০টি বকনা বাছুর বিতরণের আয়োজন করা হয়। ৬৫টি বকনা বাছুরের ওজন ৮০ কেজির কম ছিল। তাই ওই ৬৫ বকনা বাছুর বিতরণ না করে সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফেরত দিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা।
কোটালীপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এস এম শাহজাহান সিরাজ এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ জেলায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। দেশীয় মাছের প্রজনন মৌসুমে মৎস্যজীবীদের মাছধরা থেকে বিরত রাখার কথা বলা হয়েছে ওই প্রকল্পে।
এটি বাস্তবায়নে মৎস্যজীবীদের বকনা বাছুর পালনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। তাই মৎস্যজীবীদের মাঝে ৮০ কেজি ওজনের বকনা বাছুর বিতরণের নীতিমালা গ্রহণ করা হয় এ প্রকল্পে।
মৎস কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, “৬৫টি বকনা বাছুরের ওজন ৮০ কেজির কম ছিল। তাই সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট ‘ডিজিটাল টেকনোলজিকে’ সেগুলো বিতরণ না করে ফেরত দেওয়া হয়েছে।
“কয়েকদিনের মধ্যে এই প্রতিষ্ঠান নতুন করে ৬৫টি বকনা বাছুর সরবরাহ করবে। সেগুলো আসার পর মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৫৫টি বকনা বাছুরের ওজন ঠিক থাকায় তা বিতরণ করা হয়েছে।”
বকনা বাছুর নিতে আসা কোটালীপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৎস্যজীবী আব্দুর রউফ হাওলাদার বলেন, “উপজেলা মৎস্য অফিস থেকে আমাকে একটি বকনা বাছুর দেওয়ার কথা ছিল। কিন্তু বাছুরের ওজন নাকি ৮০ কেজির নিচে ছিল। তাই তারা আমাকে দেয়নি। নতুন করে বকনা বাছুর আসার পর আমাকে দেবে বলে জানিয়েছে মৎস্য অফিস।”
বকনা বাছুর সরবরাহকারী প্রতিস্ঠান স্মার্ট ডিজিটাল টেকনোলজির প্রতিনিধি আব্দুর রশিদ বলছেন, “ফেরত দেওয়া ওই ৬৫টি বকনা বাছুরের ওজন ‘সামান্য’ কম ছিল। কয়েকদিনের মধ্যে ৮০ কেজি ওজনের ৬৫টি বকনা বাছুর আমরা সরবরাহ করব।”
