২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না: মাহফুজ

বিএনপি ‎জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র ‎সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন তাদের মধ্যে নির্বাচন হবে, বলেন তিনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদীদের’ কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মাহফুজ আলম এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি ‎জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র ‎সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থি, ‎সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, ‎তারা পজেটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। 

“বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসন ব্যবস্থা ‎কায়েম করবেন।”

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও তার সরকারের মন্ত্রী-এমপি ও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা, গণহত্যা মামলায় বিচারের মুখোমুখি করা হয়েছে। 

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া- যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।”

উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়কালে সেখানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও তাপস শীল, হাজীগঞ্জ থানার ওসি মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চাঁদপুর নাগরিক কমিটি ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা।