২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বরই ক্ষেতে ফাঁদ পেতে পাখি হত্যা, কৃষককে জরিমানা

তবে বাগান মালিকের দাবি, বরই রক্ষার জন্য তিনি জাল ব্যবহার করেছেন, পাখি হত্যার জন্য নয়।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 08:02 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বরই ক্ষেতে কারেন্ট জালের ফাঁদ পেতে পাখি হত্যার দায়ে এক কৃষককে সাত হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষেত থেকে সব কারেন্ট জাল সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার বিকালে উপজেলার সোহাগদল গ্রামে এ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

দণ্ড পাওয়া আলাউদ্দীন মিয়া (৫২) ওই গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, তিন বছর ধরে বরইয়ের মৌসুম এলেই আলাউদ্দীন তার এক একর জমিজুড়ে নিষিদ্ধ কারেন্ট জাল পেতে বড়ই চাষ করে আসছিলেন। আর এতে ফাঁদে পড়ে মারা যাচ্ছে দেশি প্রজাতির বিভিন্ন পাখি। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে শুরু হয় সমালোচনা। এক পর্যায়ে ঘটনাটি প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে জরিমানা এবং জাল অপসারণের নির্দেশ দেয়।

তবে বাগান মালিক আলাউদ্দীনের দাবি, বরই রক্ষার জন্য তিনি জাল ব্যবহার করেছেন, পাখি হত্যার জন্য নয়।

এভাবে পাখি নিধন বন ও পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ বলে জানান নেছারাবাদ উপজেলা বন কর্মকর্তা মো. সালাউদ্দীন। 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, বরই রক্ষার নামে নিষিদ্ধ জাল ব্যবহার করে পাখি নিধন অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি আইনিভাবে দেখা হচ্ছে।