২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠিতে ভর করে কেন্দ্রে ৯৫ বছরের সত্তার গাজী

তার মতো প্রবীণ মানুষ লাঠিতে ভর করে ভোট দিতে আসায় কেন্দ্রের পরিবেশে উৎসাহ তৈরি হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 12:36 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বয়সের ভারকে উপেক্ষা করে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ঝালকাঠির নলছিটির ৯৫ বছর বয়সী আবদুল সত্তার গাজী। লাঠিতে ভর করে আসতে কষ্ট হলেও ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের সহায়তায় উপজেলার মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা তাকে সহায়তা করেন।

বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার আগ্রহে কোনো ঘাটতি ছিল না এই প্রবীণের। 

ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, “দীর্ঘদিন পরে এরকম নির্বাচন হয়েছে সেটাতে আমি অনেক খুশি।খুব সহজে আমি নিজের ভোটটা দিয়েছি।”

কেন্দ্রে থাকা স্থানীয় ভোটাররা জানান, লাঠিতে ভর করে তার মতো প্রবীণ মানুষ ভোট দিতে আসায় কেন্দ্র উৎসাহপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। অনেক তরুণ ভোটারও তার এই দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সত্তার গাজীর মতো প্রবীণ ভোটারের উপস্থিতি প্রশংসনীয়। তার মতো প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ভোটদানে কেন্দ্রে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।