Published : 29 Jan 2026, 01:17 PM
“প্রিয় নেতাকে একনজর দেখার জন্য রংপুরের মানুষ মুখিয়ে আছে। বিএনপি নেতাকর্মীরাও ব্যাপকভাবে উজ্জীবিত।” বলছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু।
দীর্ঘ ২৪ বছর পর শুক্রবার রংপুর সফরে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে জেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান হবে- এই আশায় নতুন করে উজ্জীবিত হয়েছেন উত্তরবঙ্গের মানুষ।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বেলা ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাড়ে ৪টায় রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ (সদর) আসনের দলীয় প্রার্থী সামসুজ্জামান সামুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারেক রহমানের আগমন ঘিরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সংবাদমাধ্যমের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্বাচনি আচরণবিধি মাথায় রেখে বড় কোনো আয়োজন করা হচ্ছে না।”
দৈনিক দিনকাল পত্রিকার রংপুরের বিভাগীয় প্রতিনিধি খালেকুজ্জামান সালেক বলেন, “২০০৩ সালে শীত ও ঘন কুয়াশার রাতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তারেক রহমান রংপুরবাসীর প্রশংসা কুড়িয়েছিলেন।
“এবার তিনি অবহেলিত রংপুরকে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।”
রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলছিলেন, “প্রিয় নেতার আগমনে রংপুরের মানুষের মাঝে নতুন প্রাণ ফিরে এসেছে। বিএনপি ক্ষমতায় এলে মামলার জট কমবে এবং রংপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।”
তারেক রহমানের আগমনে দীর্ঘদিন ধরে স্থবির থাকা ব্যবসায় নতুন গতি ফিরবে বলে মনে করছেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মনজুর আহমেদ আজাদ।
তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার আব্দুল মজিদ আলী জানিয়েছেন।
তিনি বলেন, “সমাবেশ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটতে পারে সেদিকে আমাদের নজর আছে এবং ট্রাফিক ব্যবস্থাও ভালো আছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।”