২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই: আসিফ নজরুল

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ারও পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন আইন উপদেষ্টা।

আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই: আসিফ নজরুল
বরিশাল নগরের নতুনবাজার-সংলগ্ন শংকর মঠসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে ‘জিটিওকে’ দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “উনি (প্রধান উপদেষ্টা) যেটা বলেছেন সেটা থিউরিটিক্যাল কথা বলেছেন।

“আমি যতটুকু বুঝতে পারি থিউরিটিক্যালি যখন একটি দলের কার্যক্রম ব্যান্ড করা হয়। তখন সেটা পারমানেন্ট কি পারমানেন্ট না একটা প্রশ্ন থাকে। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।”

বুধবার দুপুরে বরিশাল নগরের নতুনবাজার সংলগ্ন শংকর মঠের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, “আমি যতটুকু জানি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমাদের যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

বরিশালে উৎসবমুখর পরিবেশে পূজা পালন হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার আগেই বলেছি, ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কোনো ভেদাভেদ করি না। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক। প্রত্যেকের সমনা অধিকার।

“ধর্ম পালন ও ধর্ম চর্চার ক্ষেত্রে সমান অধিকার। এই জন্য সারাদেশে নিরাপদ পরিবেশে পূজা পালন করা হচ্ছে। পূজা পালনের ক্ষেত্রে নানা ধরনের অপশক্তি ও ষড়যন্ত্র থাকে। এ বিষয়ে আমরা প্রথম থেকে অত্যন্ত সতর্ক ছিলাম।”

ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক ঘণ্টাও ক্ষমতায় থাকার ইচ্ছা নেই জানিয়ে আসিফ নজরুল বলেন, “আমাদের দুটা চিন্তা ছিলো, নির্বাচনের আগে বিচারের যে অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু যেন হয়ে যায়। কারণ অনেক মানুষ জীবন দিয়েছে।

“অনেক স্যাক্রিফাইস এখানে আছে। সেই লক্ষে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েই গেছে। আমরা আশা করছি আগামী নির্বাচনের আগে আগে কিছু বিচার দেখে যেতে পারব।”

আইন মন্ত্রণালয়ের নয় থেকে ১০টি বড় সংস্কার করা হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন, “প্রথমবারের মতো সিভিল ও ক্রিমিনাল কোর্টকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। লিগ্যাল এইড সার্ভিসকে সম্প্রসারণ করা হয়েছে। লিগ্যাল এইডের সিআরপিসি, সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি।

“অনলাইন বেলবেন্ডর ব্যবস্থা করেছি। ক্রিমিনাল একটা কোর্ট শুধু বিচারই করবে। বিচারিক পদ সৃজন এখন আর সরকার করবে না। এটা করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচার বিভাগের কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি হত, এটা আর জেলা পর্যায়ে হবে না। এটা বিচার প্রশাসন করবে।”

ফেব্রুয়ারি আগে সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।