পূর্ব বিরোধ: পাবনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
“একটি পক্ষ মাদক বিক্রি করতো। তাতে পাভেল বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জেনেছি।”
পাবনা সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ের এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
নিহত ৩৫ বছর বয়সী মেহেদী মাসুদ পাভেল ইসলামপুর গ্রামের মোসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আহত একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে সজিব মোল্লা ওরফে ইমরানকে (২৪) গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধ নিয়ে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে যুবদল নেতা পাভেলের বিরোধ চলছিল। এর জেরে ইসলামপুর বাজারে তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই মারা যান যুবদল নেতা পাভেল।
পাবনা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, “পাভেল ছেলে হিসেবে খুবই ভালো ছিল। ওই এলাকায় একটি পক্ষ মাদক বিক্রি করতো। তাতে পাভেল বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জেনেছি। অবশ্যই এ হত্যার বিচার হতে হবে।”
ওসি আব্দুস সালাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে বিস্তারিত জানা যাবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় রোববার থানায় মামলা দায়েরের কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
