২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আন্দোলনের একপর্যায়ে পাওনা পরিশোধের আশ্বাস পেলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2024, 04:43 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পিকক গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকরা সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুন নূর।

পরে শিল্প পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানাটিতে কর্মরত প্রায় ৫০০ শ্রমিক এতে অংশ নিয়েছেন।

পিকক গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার প্রিন্টিং অপারেটর রিয়াদ, হিরন এবং রাজ জানান, তাদের জুন, জুলাই ও চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। এর আগে কারখানা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের একাধিক তারিখ দিলেও তারা তা পরিশোধ করেননি।

সোমবার সকালে কারখানায় কাজে যোগ দিয়ে তারা বকেয়া বেতনের কথা বললে কর্তৃপক্ষ বেতন পরে দেবেন বলে জানান। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে তারা কারখানার পাশেই মাওনা-শ্রীপুর সংযোগসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হলে দুপুর ১২টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন।

কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক এস এম মোনিম রুমি বলেন, “জুন এবং জুলাইয়ের বেতন চলতি মাসের ২৯ তারিখ এবং অগাস্টের বেতন সেপ্টেম্বরের ১০ অথবা ১৫ তারিখে পরিশোধ করা হবে।”

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুন নূর বলেন, বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

অপরদিকে শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নয়নপুর (দেওনা) এলাকায় হংকং সাংহাই মানজালা টেক্সটাইল মিলস্ লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন।

সেখানে কর্মরত প্রায় ৩০০ শ্রমিক বেলা ১১টা থেকে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বন্ধ করে রাখা কারখানাটি খুলে দেওয়া এবং লে-অফ ক্ষতিপূরণ প্রদানসহ অন্যান্য পাওনাদি পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা। দাবি না মানায় সকাল থেকে কারখানার সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পরে শ্রমিক নেতারা এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এনামুল হক মনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা এক ঘণ্টা পর কর্মসূচি তুলে নেন।