২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা মাঠে ছিলাম, আছি: লিটন

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে সংঘর্ষে শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় রাজশাহীতে দোয়ার আয়োজন করা হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 07:16 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

যেকোনো অরাজকতা ঠেকাতে এবং জনগণের জানমাল রক্ষার্থে আওয়ামী লীগ মাঠে ছিল, এখনো আছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সম্প্রতি ঢাকাসহ সারাদেশে সংঘর্ষে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

আওয়ামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদসহ নগরীর সকল মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

খায়রুজ্জামান লিটন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরু থেকে লক্ষ্য রাখছিলাম। আমাদের কাছে মনেই হচ্ছিল, এটা হয়ত ভিন্নখাতে প্রবাহিত হবে এবং কয়েকদিন যেতে না যেতেই সেটা প্রমাণিত হতে শুরু করল।

“তখন থেকে আমরা সতর্ক হয়ে যাই এবং রাজশাহীতে নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকি। জনগণের জানমাল রক্ষার্থে যাতে কেউ অরাজকতা করতে না পেরে সে জন্য আমরা মাঠে ছিলাম। এতে সফল হয়েছি। রাজশাহীর শান্তিপ্রিয় মানুষ আমাদের সমর্থন দিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন।”

আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর হামলার চেষ্টা করা হয়নি; তা নয়, বিভিন্ন অলি-গলি থেকে হামলার চেষ্টা করা হয়েছে; তবে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে বলে জানান মেয়র লিটন।

তিনি বলেন, “জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। কারফিউ উঠে গেলে আরও স্বাভাবিক হবে।”

এর আগে সাহেববাজার বড় মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুম্মার নামাজ আদায় করেন খায়রুজ্জামান লিটন। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন তিনি।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, চিকিৎসক তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহম্মেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইনজীবী মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার উপস্থিত ছিলেন।