২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপি অফিসে আগুন: আওয়ামী লীগের ৩৮ জনের নামে মামলা

এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 09:14 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

পিরোজপুরের স্বরূপকাঠীতে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের এক বছর পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে স্বরূপকাঠী উপজেলা যুবদলের সদস্য মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন বলে জানান স্বরূপকাঠী থানার ওসি মো. বনি আমিন।

মামলায় ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- স্বরূপকাঠী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু (৪০), যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির (৫৬), গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মিন্টু ফকির (৪৫) এবং আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুহিদ মাহামুদ (৩৫)।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনি দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রিপন, যুবলীগ নেতা মো. মাশরুল আলম রাজীব, স্বাধীন আইচ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. তানজিম আহমেদ। 

এ বিষয়ে স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির বলেন, “বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে নেতাকর্মীদের নামে একটা মামলা হয়েছে বলে শুনেছি। অভিযোগের ব্যাপারে কিছু জানা নেই। তবে মামলার বিষয়টি খুবই হতাশ ও দুঃখজনক।”

ওসি বনি আমিন জানান, এক বছর আগে বিএনপির কার্যালয় ভাঙচুরের পর অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।