২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ রোগীর লাশ মিলল হাসপাতালের শৌচাগারে

হাসপাতালটির তত্ত্বাবধায়ক বলেন, “এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ওয়ার্ডে দায়িত্বরত কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 07:06 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে নিখোঁজের দুদিন পর শৌচাগার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; যিনি শ্বাসকষ্ট নিয়ে এসেছিলেন। 

শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পালং মডেল থানা পুলিশ।

নিহত বাবুল বেপারী (৪০) বরিশালের মুলাদী উপজেলার পূর্ব তয়কা এলাকার আলী বেপারীর ছেলে। 

হাসপাতালে ভর্তির পর গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বজন ও পাশের শয্যায় থাকা অন্য রোগীরা।

নিহতের স্বজন ও হাসপাতাল থেকে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন বাবুল বেপারী। তার সঙ্গে ছিলেন বৃদ্ধা মা রোকেয়া বেগম। মধ্যরাতে রোকেয়া বেগম ছেলের শয্যার পাশে ঘুমিয়ে পড়েন। 

ঘুম থেকে উঠে শয্যায় ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বিষয়টি নার্সদের জানান মা। 

রোকেয়া বেগম জানান, ছেলের খোঁজ না পেলে শুক্রবার সকালে বাড়ি চলে যান তিনি। পরে বিকালে ফের হাসপাতালে এসে খোঁজ করেন।

শনিবার সকালে অন্য রোগীরা শৌচাগারে গেলে বাবুল বেপারীকে মেঝেতে পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বাবুল বেপারীর ভাতিজি হেনা আক্তার অভিযোগ করে বলেন, “আমার চাচ্চু গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি বাথরুমে গিয়ে যদি মারাও যান, তাহলে এই দুদিন কি বাথরুম পরিষ্কার করা হয়নি?” 

“তারা চাচ্চুকে না খুঁজে উল্টো রোগীকে পাওয়া যায়নি বলে আমার দাদিকে বাড়ি পাঠিয়ে দেয়। আমরা এই ঘটনার বিচার চাই।”

পাশের শয্যায় থাকা মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক রোগী বলেন, “বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওই রোগী নিখোঁজ থাকলে আমরাও চারপাশে খোঁজাখুঁজি করি। তবে বাথরুমটি ভেতর থেকে চাপা থাকায় কেউ সেখানে খোঁজ করেনি।”

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, “হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালটির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, “এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ওয়ার্ডে দায়িত্বরত কেউ দোষী প্রমাণিত হলে তাদের ব্যবস্থা নেওয়া হবে।”