শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: খাদ্যমন্ত্রী
অনুষ্ঠানে ২৯৭ জন বিভিন্ন নৃগোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে দুটি করে ভেড়া, পশুখাদ্য ও ঘর তৈরির উপকরণ দেওয়া হয়।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উপকার হয়; তাই আগামী নির্বাচনে ফের শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।”
বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন নৃগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া, ভেড়ার খাবার ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন আর তার কন্যা দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হয়েছে কৃষক।
“এর ফলে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, সবজি উৎপাদনে দ্বিতীয়, ধান উৎপাদনে দ্বিতীয়, মাংস ও ডিম উৎপাদনেও সাবলম্বী হয়েছে। এটাই শেখ হাসিনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
অনুষ্ঠানে ২৯৭ জন বিভিন্ন নৃগোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে দুটি করে ভেড়া, ২৭ কেজি পশুখাদ্য ও ভেড়ার ঘর তৈরির উপকরণ দেওয়া হয়।
এ ছাড়া অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জনের মাঝে ৬ লাখ টাকার চেক এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২৩ জনের মাঝে জটিল রোগের চিকিৎসা বাবদ ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে খাদ্যমন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা উন্মুক্ত করেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানার ওসি মাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইয়ামিন আলী।
