১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২ প্রতিষ্ঠানকে জরিমানা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্যদ্রব্য মজুদ-সরবরাহ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য প্রস্তুত বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 11:06 AM

Updated : 26 Aug 2026, 11:59 AM

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্যদ্রব্য মজুদ-সরবরাহ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা। 

তিনি জানান, বাস টার্মিনাল এলাকায় ব্যবসায়ী আকাশ চন্দ্র সাহার মালিকানাধীন অক্ষয় স্টোরে নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষি ভাই চাল, বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্য মজুদ-সরবরাহ ও বিক্রির খবরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া যায়৷ এতে ব্যবসায়ী আকাশকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া একই এলাকায় তৌহিদুল ইসলামের মালিকানাধীন বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা ও অসতর্কতার সঙ্গে পণ্য উৎপাদন করার অভিযোগ পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও জামশেদ আলম রানা আরও বলেন, “ব্যবসায়ীদের নিম্নমানের ভেজাল পণ্য মজুদ, সরবরাহ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ এবং সাতদিনের মধ্যে বেকারির স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানসম্মত খাবার উৎপাদনে সময় বেঁধে দেওয়া হয়।”

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন ও লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা।