Published : 24 Jul 2026, 08:54 PM
ভোলার লালমোহন উপজেলায় রাজহাঁস চুরির অভিযোগে এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম।
আটক যুবক মো. নাজিম লালমোহন পৌরসভার পাকার মাথা এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় হাঁস-মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় নাজিমকে আটক করেন এলাকাবাসী।
তাদের দাবি, হাতেনাতে ধরার পর নাজিম নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর চুরি করবেন না বলে সবার কাছে ক্ষমা চান। পরে তাকে মারধর না করে নফল নামাজ পড়তে বলা হয়। নামাজ আদায় ও তওবা করার পর তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, “হাঁস দুটি আমাদের পরিবারের খুব শখের ছিল। হাঁস দুটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি হাঁস দুটি আমার। তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়।”
ওসি অলিউল বলেন, “ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে রাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের চারটি টহল দল কাজ করছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”