১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

বাড়িটির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেন অভিনেতা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 08:01 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ফরিদপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি হয়েছে।

বাড়িটির বিদ্যুৎ সংযোগের মূল লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানান থানার ওসি মো. মাহামুদুল হাসান।

ফজলুর রহমান বাবুর বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায়। বাড়িটির নাম ‘কামরাঙ্গা’।

ফজলুর রহমান বাবু বলেন, সোমবার রাতে ফরিদপুরের বাড়িতে গিয়ে তিনি বিদ্যুৎ না থাকার বিষয়টি দেখতে পান। পরে বাইরে গিয়ে দেখেন, বিদ্যুতের মেইন লাইনের তার কাটা। এরপর বাড়ির ছাদে গিয়ে দেখেন, এসির তারও নেই। এ ছাড়া বাড়ির বাইরে রাখা আরও কিছু মালামালও চুরি হয়েছে।

তিনি বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

ফজলুর রহমান বাবু পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থাকেন। মাসে এক-দুইবার ফরিদপুরের বাড়িতে যান। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন থাকার পর ঢাকায় ফিরে যান।

তিনি বলেন, “এটি আমার জন্মস্থান। তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানে নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

চুরির ঘটনায় স্থানীয় মাদকসেবীদের দায়ী করে ফজলুর রহমান বাবু বলেন, তার বাড়ির আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরি হয়েছে বলে তিনি জেনেছেন।

মাদক কেনার টাকা জোগাড় করতে স্থানীয় মাদকসেবীদের একটি অংশ বিভিন্ন বাড়িতে চুরি করছে বলে অভিযোগ করেন তিনি।

ওসি মো. মাহামুদুল হাসান বলেন, ফজলুর রহমান বাবু বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।