Published : 27 Dec 2023, 01:40 PM
জয়পুরহাট-২ আসনে ক্ষেতলাল উপজেলায় নৌকা প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীসহ উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইটাখোলা বাজারে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন।
উভয় পক্ষের দেওয়া অভিযোগের বরাতে ওসি জানান, সন্ধ্যায় ইটাখোলা বাজারে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর গণসংযোগসহ প্রচার করছিলেন। এসময় সেখানে নৌকার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী-সমর্থকরাও প্রচার চালাচ্ছিলেন।
এরই মধ্যে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরসহ দুই জন ও নৌকার সমর্থক তিন জন আহত হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন উভয় পক্ষ।
ওসি আরও জানান, রাতেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসর চৌধুরীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ অবসর চৌধুরী অভিযোগ করে বলেন, “আমার কাঁচি মার্কার কর্মী-সমর্থকরা স্বাভাবিকভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন, এ সময় নৌকা মার্কার কর্মী-সমর্থকরা আমার কর্মীদের উপর হামলা করে।
“আমি বাধা দিতে গেলে আমার কর্মীসহ আমাকেও মারধর করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি ও প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”
অন্যদিকে নৌকা মার্কার পক্ষে পাল্টা অভিযোগ করে ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাকিম মণ্ডল জানান, "অবসর চৌধুরীসহ তার কর্মী-সমর্থকরা নৌকা মার্কার নির্বাচনি অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও উসকানিমূলক কথাবার্তা বলতে থাকে।
“এ ব্যাপারে আমরা ধৈর্যের পরিচয় দিয়ে তাদের সরে যেতে বলি, এতে উত্তেজিত হয়ে তারাই আমাদের কর্মীদের গায়ে হাত তুলে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং আমাদের কর্মীদের মারধর করে।”
ওসি আনোয়ার হোসেন বলেন, “এ ব্যাপারে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আক্কেলপুর, ক্ষেতলাল এবং কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই প্রার্থীসহ আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত ১৯ ডিসেম্বরও নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
পোস্টার টানানোর সময় তার আট কর্মী-সমর্থক নৌকার সমর্থকদের হামলায় আহত হয়েছেন জানিয়ে বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন তিনি।
পুরানো খবর