২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পারিবারিক বিরোধে বড় ভাইকে ‘কুপিয়ে খুন’

ফজরের নামাজ শেষে লোকমান মসজিদ থেকে বের হওয়া মাত্র তার পিঠে ও বুকে উপুর্যপুরি কুপিয়ে পালিয়ে যায় মোশাররফ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 01:32 PM

Updated : 30 Oct 2022, 01:32 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, মাহমুদপুর গ্রামের শেখ মুনসুর আলীর বড় ছেলে শেখ লোকমান হোসেনের (৫০) সঙ্গে ছোট ছেলে শেখ মোশাররফ হোসেনের (৪৫) জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জেরে রোববার ভোরে মোশাররফ ধারালো অস্ত্র দিয়ে লোকমানকে উপুর্যপুরি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সোনারমোড় বাজার সমিতির সভাপতি পলাশ খান বলেন, “মোশাররফের স্ত্রী কয়েক বছর আগে ওমানে চলে যান। তাদের ১১ ও ৭ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্ত্রী যাওয়ার পর থেকে মোশাররফ কিছুটা অস্বাভাবিক আচরণ করতো। মাদকসেবী হয়ে পড়েন বলেও অভিযোগ আছে।

“এ ছাড়া লোকমান-মোশাররফের বাবা মুনসুর শেখের মাহমুদপুরে জমি ও সোনারমোড়ে দোকানপাট রয়েছে। এসব সম্পত্তি-জমির ভাগ এবং বিভিন্ন ইস্যুতে ভাইদের মধ্যে বিরোধ ছিলো।

“এরই জের ধরে রোববার ভোরে লোকমান ফজরের নামাজ শেষে সোনারমোড় সংলগ্ন মসজিদ থেকে বের হওয়া মাত্র তার পিঠে ও বুকে উপুর্যপুরি কুপিয়ে পালিয়ে যায় মোশাররফ শেখ।”

স্থানীয়রা লোকমানকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিরউজ্জামান জানান, পথেই অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার বুকে পিঠে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে।

ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, লোকমান হোসেনের লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ মোশাররফকে খুঁজছে বলে জানিয়েছেন ওসি।