২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বল্লমের আঘাতে যুবক নিহত, সংঘর্ষে আহত ১০

তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জেরে হামলার সূত্রপাত বলে স্থানীয়রা জানান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 07:06 PM

Updated : 27 Sep 2022, 07:06 PM

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে একটি বল্লমের আঘাতে ব্যক্তি নিহত হয়েছেন। এরপর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান। 

নিহত ইসাক মিয়া (৪৫) ওই গ্রামের কাছম আলীর ছেলে। উভয় পক্ষের গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি অজয় চন্দ্র জানান, ওই গ্রামের ইসাক মিয়াদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল একই গ্রামের সালাম মিয়াদের। এর জেরে ইসাক মিয়ার সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় সালাম মিয়া ও তার লোকজনের। 

“এক পর্যায়ে প্রতিপক্ষ ইসাক মিয়াকে ফিকল (বল্লম) দিয়ে বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।” 

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয় বলে জানান ওসি অজয়। 

পুলিশ জানায়, আহতদের মধ্যে ওলি মিয়া, মোহন মিয়া, আলতাছ মিয়া, জনি মিয়া ও নাজমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

বিকালে ঘটনাস্থল থেকে ওসি অজয় চন্দ্র দেব বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।