১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: দুই মামলার রায় ১৮ এপ্রিল

এ ঘটনায় করা তিন মামলার মধ্যে একটির রায় আগে হয়েছে, যাতে ৫০ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়।

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: দুই মামলার রায় ১৮ এপ্রিল

সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ জন আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 08:16 PM

Updated : 12 Apr 2023, 08:16 PM

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় মঙ্গলবার রায়ের দিন রাখা হয়েছে। 

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু অ্যাডভোকেট আব্দুস সামাদসহ কয়েকজন। 

আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলসহ কয়েকজন।

অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু জানান, মঙ্গলবার সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ জন আসামিকে বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ ছাড়া আসামি অ্যাডভোকেট আব্দুস সাত্তার জামিনে মুক্ত রয়েছেন এবং নয় আসামি পলাতক আছেন। 

যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্যারিস্টার আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এটি একটি মিথ্যা ও সাজানো মামলা। গুলির খোসা ও বোমার কৌটা ঘটনার ১২ বছর পর ওই স্থান থেকে উদ্ধার করা সম্ভব না, এমনকি রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর কেউই এ কথা বলেননি। আশা করছি আদালত ন্যায়বিচার করবেন।” 

মামলার বরাতে পিপি আব্দুল লতিফ বলেন, ২০০২ সালের ৩০ অগাস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ‘ধর্ষণের শিকার’ স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোর ফিরে যাওয়ার পথে বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা কলারোয়া উপজেলার দলীয় কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলা চালান।

হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়। 

এ ঘটনায় সাতক্ষীরার আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে হামলার ঘটনায় করা মামলার রায় আগে হয়েছে। 

পিপি জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির। 

এ ছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গত বছরের ১৪ জুন অভিযোগ গঠন করা হয়।   

আরও পড়ুন 

পুরানো খবর:

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আরেক মামলায় অভিযোগ গঠন

পুরানো খবর:

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাফাই সাক্ষ্য দিলেন আমানউল্লাহ আমান

পুরানো খবর:

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বাদীকে জেরা করেনি আসামিপক্ষ

পুরানো খবর:

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: অস্ত্র মামলায় আরেকজনের সাক্ষ্য

পুরানো খবর:

শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি

পুরানো খবর:

হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি কারাগারে, রায় ৪ ফেব্রুয়ারি