২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় দুই দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

বৃহস্পতিবার বিকালে শেরপুরের হাজীপুরে এবং শাজাহানপুরের রানীরহাটে এই দুই দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় দুই দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 01:18 AM

Updated : 16 Jun 2023, 01:18 AM

বগুড়ার শেরপুর ও শাজাহানপুর উপজেলায় দুটি দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে শেরপুরের হাজীপুরে এবং শাজাহানপুরের রানীরহাটে এই দুই দুর্ঘটনা ঘটে।

শেরপুরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

বিকালে সাড়ে ৩টায় শেরপুর উপজেলার হাজীপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে নূরে জান্নাত লুবা (০৪), শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের গোলাম কবির (৪০) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৪৫)।

আহত হয়েছেন তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০) ও আসাদ মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বগুড়ায় যাচ্ছিল। পথে মহাসড়কের হাজীপুরে বিপরীতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শিশুসহ অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামের আরেক ব্যক্তি মারা যান।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপারসহ কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

শজাহানপুরে মা-মেয়ের মৃত্যু

শজাহানপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় এক নারী ও তার মেয়ে নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার রানীরহাটের জোড়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শাজাহানপুরের আশেকপুর পশ্চিমপাড়ার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) এবং তার মেয়ে আয়েশা খাতুন (৫)। এতে প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী বলেন, নাটোর-বগুড়া মহাসড়কের পাশেই দোলেনা বেগমদের বাসা। বিকাল সাড়ে ৫টার দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে পার হচ্ছিলেন দোলেনা বেগম এবং তার মেয়ে আয়েশা খাতুন।

“এ সময় নাটোর থেকে বগুড়ার দিকে যাওয়া দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।” 

তিনি আরও জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে; তারা আইনগত ব্যবস্থা নেবে।