Published : 31 Jul 2025, 07:00 PM
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন সময় পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে শুনানি শেষে বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের ইনচার্জ আমিনুল ইসলাম।
তিনি বলেন, বুধবার বিকালে পাঁচ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন গঙ্গাচড়া থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আল এমরান। আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি মাঝাপাড়া গ্রামের ইয়াছিন আলী (২৫), মাগুড়া শ্রীপাড়ার স্বাধীন মিয়া (২৮), দক্ষিণ চাঁদখানা মায়াপাড়ার আশরাফুল ইসলাম (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২৮) এবং দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিম (২২)।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে শনিবার ও রোববার দফায় দফায় হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন।
মামলা থেকে জানা গেছে, ২৬ জুলাই ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে গঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ছড়ালে উত্তেজনা দেখা দেয়। রাতেই ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
পরদিন সাইবার সুরক্ষা আইনে করা মামলায় ওই কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তবে ওই এলাকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি, মাগুড়া ও বাংলাবাজার এলাকা থেকে দফায় দফায় লোকজন মিছিল নিয়ে এসে হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।
পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্য আহতও হন। ভাঙচুর করা হয় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘর।
বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রংপুরে হিন্দু বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
গঙ্গাচড়ায় ফিরল ৭ বছর আগের স্মৃতি, আলদাদপুর বালাপাড়ায় আতঙ্ক
রংপুরের ২২টির মধ্যে ১৯টি হিন্দু পরিবার বাড়িতেই আছে: ডিসি
গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘর মেরামত করে দিচ্ছে প্রশাসন
রংপুরে 'ধর্ম অবমাননার' অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৫ বাড়িতে ভাঙচুর
গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ