‘মিথ্যা’ প্রচার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে আইনি নোটিস
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষে এই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে সংগঠনের সভাপতি জাহিদ হোসেন জানান।
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সম্পর্কে ‘মিথ্যা ও ভিত্তিহীন তথ্য’ প্রচারের অভিযোগে একটি ফেইসবুক পেইজ পরিচালনার সঙ্গে যুক্ত নয় শিক্ষার্থীকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
‘Linkers in Barishal University’ নামের ফেইসবুক পেইজটি পরিচালনার সঙ্গে যুক্ত নয়জনকে এই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে সাংবাদিক সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন জানান।
তিনি বলেন, মঙ্গলবার তাদের পক্ষে আইনজীবী মো. শফিকুল ইসলাম নোটিসটি পাঠিয়েছেন।
নোটিস পাওয়ারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী মুক্তাদির রিজভী, জাওয়াদুর রহমান সৃজন, একই বিভাগের ২০১৩-১৪ ব্যাচের নাহিদ হাসান, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ ব্যাচের ফজলে রাব্বি রকি, অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ ব্যাচের গাজী আবু রায়হান, মার্কেটিং বিভাগের ২০২২-২৩ ব্যাচের ইমরান মুন্না, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ ব্যাচের আফসানা কবীর এবং আইন বিভাগের ২০২০-২১ ব্যাচের সুমাইয়া আফরোজ শ্রাবণী।
আইনি নোটিসে বলা হয়েছে, ২৮ অক্টোবর সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছবি ও লোগো ব্যবহার করে পেইজটি একটি বিভ্রান্তিকর স্ট্যাটাস প্রকাশ করে। ৩১ অক্টোবর আবারও সমিতির সদস্যদের বিরুদ্ধে ‘অবৈধভাবে রুম দখল’সহ একাধিক ভিত্তিহীন অভিযোগ তুলে ৩০ লাইনের আরেকটি মানহানিকর পোস্ট করা হয়।
নোটিশে বলা হয়, এসব পোস্টের মাধ্যমে সাংবাদিক সমিতির সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং সদস্যদের ব্যক্তিগতভাবেও মানহানি করা হয়েছে। এ ছাড়া সমিতিকে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হওয়ার মত অসত্য অভিযোগও তোলা হয়েছে।
নোটিসে পেইজ পরিচালনাকারীদের ১৫ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, সংশ্লিষ্ট স্ট্যাটাসগুলো মুছে ফেলা, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করতে বলা হয়েছে। অন্যথায় সাইবার সুরক্ষায় দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
পেইজটির মডারেটর ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান মুন্না বলেন, “আমরা আপাতত কিছু করছি না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তারা যদি আলোচনায় আসে, আমরা আলোচনা করব। আর আইনগত পদক্ষেপ নিলে আমরাও আইনি পথে সাড়া দেব।”
