Published : 27 Apr 2026, 02:00 PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক শিক্ষক নিহত হয়েছেন ।
রোববার বিকালে ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।
নিহত শিক্ষক মো. আবুল হাসান (৪০) ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা গ্রামের শাহ আলমের ছেলে।
তিনি শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের প্রাক-প্রাথমিক কেন্দ্রের একজন শিক্ষক ছিলেন।
নিহতের স্বজনরা বলেন, রোববার দুপুরের পর বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান আবুল হাসান। বেলা ৩টার দিকে এলাকায় বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি শুরু হয়। এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে জমির পাশ দিয়ে যাওয়ার পথে এক কৃষক আবুল হাসানকে মাটিতে পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম বলেন, “আবুল হাসান আমাদের গণশিক্ষা কার্যক্রমের একজন শিক্ষক ছিলেন। তিনি তার বাড়ির পাশে প্রাথমিক কেন্দ্রে প্রায় দশ বছর ধরে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।”
এদিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, “আবুল হাসানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।”
নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি আমিনুল জানিয়েছেন।