Published : 04 Jun 2026, 12:57 PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় অবৈধ বালুসহ ট্রলি আটক করে থানায় দেওয়ার জের ধরে অবৈধ বালু ব্যবসায়ীদের হামলায় বন বিভাগের বিট কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গজনী বনে নিয়মিত টহলের সময় এই হামলা করা হয় বলে জানিয়েছেন রেঞ্জের সহকারি বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন।
হামলায় আহতরা হলেন, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারি বন সংরক্ষক ইমন বলেন, বুধবার ভোরে গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় এক ট্রলি বালুসহ ট্রলি চালককে আটক করে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলা করা হয়। এর জের ধরেই বুধবার রাত সাড়ে ৯টার সময় বনের নকশী এলাকায় নিয়মিত টহলে বের হওয়া গজনী বিটের কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হকের ওপর হামলা চালানো হয়।
তিনি অভিযোগ করেন, “পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয় ফরহাদ, রোমান ও জামান মোল্লাসহ ২০-২৫ জন বালু দস্যু দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।”
এ সময় আহতদের ডাক-চিৎকারে আশপাশের এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
খবর পেয়ে বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়াসহ অন্যান্য বিটের বন কর্মকর্তারা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। পরবর্তীতে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বন কর্মকর্তাদের উপর হামলার খবর পেয়ে রাত ১২টার দিকে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বন কর্মকর্তাদের আশ্বাস দেন।
জেলা প্রশাসক বলেন, “এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”