Published : 29 Jul 2026, 10:17 AM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা সমস্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
মঙ্গলবার দুপুরে ওই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
এর আগে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, বহুরাতুলি ও জামতলী এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন ও সম্পন্ন হওয়া সিসি ঢালাই সড়কের কাজ পরিদর্শন করেন।
বরাদ্দের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব।”
সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে এলাকাবাসীর উদ্দেশে ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, “দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। আপনাদের সমস্যাগুলো আমরা জানি এবং সেগুলোর সমাধানে কাজ করছি। হয়তো এ বছর তেমন কিছু করতে পারব না, তবে আগামী বছর দৃশ্যমান কাজ করতে পারব বলে আশাবাদী।”
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার হলদীগ্রাম, বহুরাতুলি ও জামতলী এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন ও সম্পন্ন হওয়া সিসি ঢালাই সড়কের কাজ পরিদর্শন করেন।
এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতা-কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।