কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
আকাশের অবস্থা খারাপ দেখে তারা মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয়রা জানান।
কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।
সোমবার বিকালে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে বলে ইউপি সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের কদমতলা গ্রামের আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫)।
স্থানীয় জানান, আকাশের অবস্থা খারাপ দেখে বিকালে তারা দুজন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আশরাফ মারা যান।
স্থানীয়রা আহত আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তারও।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
