মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনা মামলা, গ্রেপ্তার ৪
দুই দিন আগে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন লাভলুকে কুপিয়ে হত্যা করে বলে জানায় পুলিশ।
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনা করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে রাত সাড়ে ৮টার দিকে জানান ঘিওর থানার ওসি মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা সদর ইউনিয়নের তামিম (২২), সোহাগ শেখ (২১), ফুলচাঁন (২৩) এবং রনি মিয়া (২২)।
নিহত লাভলু আহমেদ উপজেলার কুস্তা এলাকার প্রয়াত আব্দুল হালিমের ছেলে। তিনি ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
খবর পেয়ে লাভলু আহমেদ ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতের দেখতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে লাভলু মারা যান।
এ ঘটনায় বুধবার দুপুরে লাভলুর ভাই টিপু সুলতান ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলীম খান মনোয়ারকে প্রধান আসামি থানায় হত্যা মামলা করেন।
মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা বলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার ছাত্রদলের সাবেক নেতা লাভলুকে হত্যার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেন এলাকাবাসী।
