Published : 26 Jan 2026, 03:14 PM
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে কচুরিপানা ভর্তি জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার দুপুরে জয়পুরা এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে ধামরাই থানার এসআই আজিজুল হক জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ৫ থেকে ৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। জলাশয়ের কচুরিপানা দিয়ে ঢাকা ছিল; মরদেহ পচে ভেসে ওঠে।
“তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি-না তা বোঝা যাচ্ছে না। ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলাও যাচ্ছে না।”
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।