শাবিতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা, জানেন না সাক্ষী
মামলায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলার বিষয়ে কিছুই জানেন না সাক্ষী।
ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই হামলায় আহত মারুফ আহমেদের পক্ষে রোববার সিলেট মহানগর হাকিম আদালতে মামলাটি করেন মো. কামাল পারভেজ (৪৩)।
মামলায় নিরপরাধ শিক্ষার্থীদের আসামি করার প্রতিবাদের মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম বলেন, “দুই দিন আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপরাধ শিক্ষার্থীদের নাম বাদ দেওয়া হোক।
“‘চব্বিশের বিপ্লবের’ স্পিরিট ছিল, যাতে কোনো নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়ানো না হয়, সেইসঙ্গে অপরাধীকে যাতে ছাড় দেওয়া না হয়। আগের সরকারের বিরুদ্ধে কেউ ভিন্নমত পোষণ করলে তাদেরকে হামলা-মামলা দিয়ে দমায়ে রাখত।
“তবে আজকে আপনি যে ঘটনায় মামলা করলেন, তাতে প্রকৃত অপরাধীকে আপনি আসামি করতে পারেন। কিন্তু ওই মামলার আগে যারা ছাত্রলীগ করত বা অন্য কোনো কারণে আপনি তাদেরকে আসামি করে দেবেন? এটা তো কোনোভাবে যৌক্তিক না।”
এ মামলা কারা করেছেন, কোন উদ্দেশে করেছেন, তাদেরকে চিহ্নিত করে জনসম্মুখে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মাহমুদুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির রহমান এবং পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তিক চৌধুরী বক্তব্য দেন।
এদিকে নিরপরাধ শিক্ষার্থীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
হামলার ঘটনায় করা মামলার ২ নম্বর সাক্ষী করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল হোসেনকে।
মামলার বিষয়ে কিছুই জানেন না দাবি করে ফয়সাল সাংবাদিকদের বলেন, “আমি এই বিষয়ে অবগত নই। আমাকে বিতর্কিত করার জন্য একটি মহল ফাঁসিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে হয়রানিমূলক এ মামলার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।”
বাদীপক্ষের আইনজীবী শাহেদ আহমদ বলেন, “ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই হামলায় আহত মারুফ আহমেদের পক্ষে আদালতে মামলাটি করেন কামাল পারভেজ (৪৩)। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। তবে নিরপরাধ কেউ থাকলে তাদের নাম বাদ দেওয়া হবে।”
মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি খলিলুর রহমানকে ১ নম্বর এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে ২ নম্বর আসামি করা হয়েছে।
পাশাপাশি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করা কয়েকজন ছাত্রলীগের কর্মীর সঙ্গে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে আসামি করার অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ নেতাকে আসামি করা হয়েছে।
