কুড়িগ্রামে ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে আড়াই লাখ টাকা জরিমানা
ফিলিং স্টেশনটির ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ‘ক্যালিব্রেশন চার্ট’ পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে বিভিন্ন অনিয়মের অভিযোগে মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার পাটেশ্বরী এলাকায় ‘মেসার্স আর আর ফিলিং স্টেশনে’ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাইফুদ্দীন।
ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, জেলা প্রশাসনের অভিযানে পাম্পটিতে জ্বালানি তেল ওজন, পরিমাপ ও মজুদ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া ফিলিং স্টেশনের ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ‘ক্যালিব্রেশন চার্ট’ পাওয়া যায়নি। পাম্পের ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় বলে জানান নির্বাহী হাকিম সাইফুদ্দীন।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।
অভিযান শেষে পাম্প মালিককে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।
