টাঙ্গাইল কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এক মাস আগে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন বলে জানায় কারা কর্তৃপক্ষ।
টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগের এক নেতার মারা গেছেন।
বুধবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান টাঙ্গাইলের জেল সুপার মো. শহিদুল ইসলাম।
মৃত ৫৫ বছর বয়সি সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জেল কর্তৃপক্ষ জানায়, গত বছরের ৪ অগাস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর আমলি আদালতে একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ১০০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। এক মাস আগে এ মামলায় সুলতান মিয়া গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন।
জেল সুপার শহিদুল ইসলাম বলেন, বুধবার বিকালে সুলতান মিয়া বুকে ব্যথা অনুভব করলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
