Published : 28 May 2026, 06:10 PM
ঈদের দিন ঘুরতে বেরিয়ে নড়াইলে এসে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক তরুণ।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে লোহাগড়া উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায়।
নিহত সাব্বির গাজী (১৮) যশোরের অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে এবং আহত শওকত হোসেন (১৯) একই গ্রামের রিপন গাজীর ছেলে।
তারা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনার মধুমতি সেতু দেখতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক অজিত কুমার বলেন, মধুমতি সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে বিকাল ৩টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলা মুন্সির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা কালনামুখী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের চালক সাব্বির ও আরোহী শওকত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া গুরুতর আহত শওকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরিদর্শক অজিত আরও বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।