২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের দোকান কর্মচারী শামিম সেখ বকেয়া তোলার জন্য উল্লাপাড়ায় গিয়ে নিখোঁজ হন।

সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
র‌্যাবের হাতে গ্রেপ্তার নাহিদ শেখ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 06:35 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

সিরাজগঞ্জ শহরের এক দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া এক পলাতককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাত ১০টার দিকে র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। 

গ্রেপ্তার নাহিদ শেখ (২৭) সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ২নং গলির ফরিদ শেখের ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এম এস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী ও সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের শামিম সেখ (২৩) দোকানের বকেয়া টাকা তোলার জন্য উল্লাপাড়ায় যান। 

সেখানে নিখোঁজ হলে পরের দিন একই উপজেলার বড়হর দক্ষিণপাড়ায় একটি ক্ষেত থেকে নিখোঁজ শামিম সেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। 

পরে ২৮ অগাস্ট নাহিদ শেখসহ চার আসামির অনুপস্থিতিতে সবাইকে আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর থেকে নাহিদ শেখ পলাতক ছিল। 

গ্রেপ্তার নাহিদকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে ১৩ সেপ্টেম্বর এ মামলার আরেক আসামি একই এলাকার ইসমাইল সেখ ওরফে রাসেলকে (২৬) র‌্যাব গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছে।