গাইবান্ধায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
প্রতিপক্ষের এলোপাথাড়ি মারধরে জহুরুল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে আহত হন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম।
নিহত জহুরুল ইসলাম (৬৫) ওই গ্রামের প্রয়াত মমতাজ প্রধানের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, জহুরুল প্রধানের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিন বেলা ১১টার দিকে জিহাদ লোকজন নিয়ে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান।
খবর পেয়ে জহুরুল সীমানা নির্ধারণ করার আগে নির্মাণকাজ না করার অনুরোধ জানিয়ে বাধা দেন। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন জহুরুলকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন। এ সময় জহুরুল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি মাহফুজ আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
