২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌন নিপীড়ন’: মুক্তিযোদ্ধাকে জুতার মালা ‘বিরোধের জেরে’, দাবি ছেলের

ময়মনসিংহের গফরগাঁওয়ের মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে বুধবার কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যৌন নিপীড়নের অভিযোগে ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে জুতার মালা পরিয়ে নির্যাতন করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এক দিন বাদে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধার ছেলে দিদার আলম দাবি করেন, “আমার বাবা ষড়যন্ত্রের শিকার। আনুমানিক ১২ বছর আগে বাদীর সঙ্গে আমার একটি চেকের মামলা ছিল। ওই মামলায় আমি জিতেছিলাম। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসা হয়। 

“এরপর থেকে তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। আমার ধারণা, ওই মামলার জেরেই আমার বাবাকে বাদী ফাঁসিয়েছেন।”

পুলিশ জানায়, কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মঙ্গলবার রাতে পাগলা থানার মশাখালী ইউনিয়নের একটি গ্রাম থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন থানায় মামলা করেছিলেন। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়। 

বিষয়টি এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব আলোড়ন সৃষ্টি করে। অনেকে প্রশ্ন তুলেন, আব্দুল করিম আসলেই মুক্তিযোদ্ধা কিনা? এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকরা খোঁজখবর নেন। 

এই মামলার এজাহারে বলা হয়েছে, কিশোরী দাখিল পাস করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল করিম কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়ন করেন। এ সময় মেয়েটি চিৎকার শুরু করে। তখন বাড়িতে এক ভিক্ষুক এসে ঘটনা দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে আটক করে পুলিশকে খবর দেন।

আগেও আব্দুল করিম হাসি-তামাশার অজুহাতে ওই কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আব্দুল করিমকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধের দুই হাত পেছন দিকে নিয়ে গাছের সঙ্গে বাঁধা। কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে আছেন। একজন একটি জুতার মালা পরিয়ে দেন বৃদ্ধের গলায়। এ সময় বৃদ্ধকে নিশ্চুপ দেখা যায়। 

ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী সাংবাদিকদের বলেন, ঘটনার দিন আব্দুল করিম ওই কিশোরীর বাড়িতে গিয়েছিলেন। তখন বাদী বাড়ি ছিলেন না। কিশোরী একাই বাড়ি ছিলেন। 

ওই নারী বলেন, “আব্দুল করিম বাদীর বাড়িতে এসে তাকে খোঁজতে থাকেন। এ সময় আব্দুল করিম কিশোরীকে জিজ্ঞাসা করেন, তোমার বাবা কোথায়? কিশোরী বলে, বাবা বাড়িতে নেই। তখন আব্দুল করিম ঘরে ঢুকে তৎক্ষণাৎ বেরিয়ে আসেন। 

“তখন ওই কিশোরী ঘরে ছিল। কিশোরী ঘর থেকে বেরিয়ে আব্দুল করিমকে উদ্দেশ করে বলেন, খারাপ বেডা। এ ছাড়া আর কিছুই দেখিনি, শুনিনি।”

মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে ‘সংশয়’  

আব্দুল করিমের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিবাদ জানান। দাবি করেন, তিনি মুক্তিযোদ্ধা নন।  

বুধবার আব্দুল করিমকে কারাগারে পাঠানোর পর গফরগাঁও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাইফুল আলম সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেন, আব্দুল করিম মুক্তিযোদ্ধা নন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ওয়েবসাইটে গিয়ে গাফরগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে একজন আব্দুল করিমের নাম পাওয়া যায়। তবে আসামি আব্দুল করিমের বাবার নাম ও ঠিকানার সঙ্গে সেটা মেলে না।  

পরে জানা যায়, তিনি ভালুকা উপজেলা থেকে তালিকাভুক্ত হয়েছেন। কারণ, তার পৈত্রিক বাড়ি ভালুকা উপজেলায়। গফরগাঁও তার শ্বশুরবাড়ি। তিনি দুই দশক ধরে সেখানেই বসবাস করছেন। 

জামুকার ওয়েবসাইটে গিয়ে, ভালুকা উপজেলার মুক্তিযোদ্ধার নামের তালিকায় মো. আব্দুল করিমের নাম পাওয়া যায়। সেখানে তার বাবার নাম ও ঠিকানা সঠিক রয়েছে।

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক বলেন, “ঘটনাটি জানার পর পরই গফরগাঁও উপজেলার কমান্ডার মুক্তিযোদ্ধা সাইফুল আলমকে নথিপত্র যাচাই করতে বলি। তিনি আব্দুল করিম মুক্তিযোদ্ধা না বলে জানান। তবে এখন ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলছেন, আব্দুল করিম ভালুকার মুক্তিযোদ্ধা।”

ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কমান্ডার মুক্তিযোদ্ধা নূরুল হক বলেন, প্রায় ২০ বছর যাবৎ মুক্তিযোদ্ধা আব্দুল করিম ভালুকার পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলায় বসবাস করেন। তাই গফরগাঁওয়ের লোকজন তাকে মুক্তিযোদ্ধা হিসেবে চেনেন না। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। 

“মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে মব সৃষ্টি করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তিনি ওই কিশোরীকে যৌন নিপীড়ন করেছে কি-না, তা আমরাও যাচাই-বাছাই করছি।”

ভালুকা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন বলেন, “মুক্তিযোদ্ধা সনদপত্রে মো. আবদুল করিম, পিতার নাম- কেরামত আলী শেখ লেখা আছে। আর অনলাইন তালিকায় মো. আব্দুল করিম, পিতার নাম- কেরামত আলী লেখা আছে। হয়তো লেখার সময় একটু গড়মিল হয়েছে। তবে আব্দুল করিম প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।”

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, “আব্দুল করিম আমাদের কাছে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছিলেন। তবে আমরা তা যাচাই-বাছাই করার সুযোগ পাইনি।”

আরও পড়ুন:

যৌন নিপীড়নের অভিযোগ: মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ