নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭
মামলায় পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়ের সময় দুজনকে আটকের পর অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক হয়েছেন সাত জন।
শহর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল আহমেদ বাদী হয়ে শনিবার রাতে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন।
মামলায় পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে বলে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানিয়েছেন।
শনিবার সকালে নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক দুজনকে ছিনিয়ে নেয় একদল লোক।
পরে ‘সংঘবদ্ধ একটি দলের’ হামলায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন।
ওই ঘটনার পর আহত আনোয়ার হোসেন বলেন, হামলার ধরন দেখে তার মনে হয়েছে, চাঁদা আদায় বন্ধে তিনি ‘সোচ্চার’ থাকায় ‘ক্ষোভ’ থেকে এ ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় মামলার পর শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে জানিয়ে নরসিংদী পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলছেন, “তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।”
বাকি আসামিদের নাম প্রকাশ করতে চাননি এ পুলিশ কর্মকর্তা। পরে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।
শনিবারের ঘটনার বর্ণনায় পুলিশ বলছে, নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে ইজিবাইক ও অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম।
এ সময় তার ওপর হামলা করে আটক দুজনকে ছিনিয়ে নেয় তাদের ৪০-৫০ জন সহযোগী। এ সময় তাদের হামলায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার।
এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন:
