২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পুকুরে মিলল নিখোঁজ প্রবাসীর লাশ

পুলিশ জানায়, সোহেল সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 09:28 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর পুকুরে ভাসমান অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর এলাকার সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউনে লাশটি পাওয়া যায় বলে টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান।  

নিহত ৩২ বছর বয়সি সোহেল রানা সদর উপজেলার অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি লোকমান বলেন, সকালে ওই এলাকায় পুকুরের পাশে সোহেল রানার ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

“চার দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি সোহেল। পরদিন তার বাবা টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।” 

ওসি বলেন, “সোহেল সিঙ্গাপুরে ছিলেন। এক বছর আগে সেখান থেকে দেশে ফিরেছেন। সামনের মাসে আবারও বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।