২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সাজার পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ফরিদপুরের মধুখালীতে ১১ বছর আগে রাজন নামের এক ব্যক্তি হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন বলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রকিবুল ইসলাম বিশ্বাস জানান। 

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মো. আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মো. মামুন শেখ ও ইলিয়াছ মৃধা ও আছাদ শেখ। 

রকিবুল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় আছাদ শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন। তাদের সবার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন গ্রামে। 

রায় ঘোষণার পর পুলিশের পাহারায় তাদের আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

সাজার পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া মামলার প্রমাণ লোপাটের দায়ে ওই পাঁচ জনকে আরও ৭ বছর করে কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মো. হাসান সিকদার ও মো. আশরাফুল শিকদার নামের দুই জনকে খালাস দিয়েছেন বিচারক। 

মামলার বিবরণে বলা হয়, গত ২০১৪ সালের ২৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার রফিকুল ইসলামের ছেলে শাহ মো. রাজন বিকালে তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। 

চার দিন পর রাজনের ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি মধুখালী উপজেলার তারাপুর শ্মশানঘাট সংলগ্ন মধুমতি নদীর পানিতে জেলেরা মাছ ধরার সময় পায়। পরে পুলিশ মো. মামুন শেখের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে বসতঘর তল্লাশি করে মামুনের ব্যবহৃত প্যান্টের পকেটে রাজনের ব্যবহৃত মোবাইল ফোনের সেট পায়। পরে ওই ফোনের কললিস্টের সূত্র ধরে আরমান হোসেনকে আটক করে পুলিশ।   

পরে জিজ্ঞাসাবাদে আরমান স্বীকার করে রাজনকে পূর্ব পরিকল্পিতভাবে মামুনের সহায়তায় কৌশলে কুড়ানিয়ার চর এলাকায় একটি বাগানে ডেকে নিয়ে গিয়ে আছাদ ও মামুন শেখসহ অজ্ঞাত পরিচয় ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়া কুপিয়ে হত্যা করে। পরে লাশ বাগানের ভেতরে মাটিচাপা দিয়ে রাখে। তাদের দেওয়া তথ্যের পর পুলিশ মাটি খুঁড়ে রাজনের লাশ তোলে। 

হত্যাকাণ্ডে মির্জা মাজহারুল ইসলাম মিলনসহ অন্যদের বিরুদ্ধে লাশ ময়নাতদন্তে বাঁধা দেওয়া, বিবিধ নেতিবাচক কর্মকাণ্ড ও লাশ গুমের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। পরে এ ঘটনায় রাজনের মা জোৎন্সা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেয় বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রকিবুল ইসলাম জানান।