২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে উচ্ছ্বাস-শোভাযাত্রা, মিষ্টি বিতরণ

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির এই প্রার্থী।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 11:20 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ের লোকজন উচ্ছ্বাস প্রকাশ করে শহরে শোভাযাত্রা করেছেন। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর পরই জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। তারা একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। 

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শহরের বসিরপাড়া এলাকার আরমান হোসেন বলেন, “ঠাকুরগাঁওয়ের সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি জেলার জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করি।” 

আনন্দ প্রকাশ করতে আসা জুয়েল রানা বলেন, “আমাদের জেলার একজন মানুষ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন- এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমরা তার সফলতা কামনা করি এবং আশা করি তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।”

আরিফ হোসেন বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য বিশেষ আনন্দের। তার এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।”

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ বলেন, “মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের আবেগ ও প্রত্যাশার সঙ্গে নতুন মাত্রা যুক্ত হয়েছে।”

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন।