২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে চার ইফতার দোকানীকে জরিমানা

অভিযানে ইফতার দোকানীদের বিভিন্ন পরামর্শ ও সতর্ক করা হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 10:06 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

রমজান উপলক্ষে জামালপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ইফতার বিক্রি করা চারটি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার বিকালে শহরের তমালতলা মোড় ও ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন ইফতারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক শরিফুল ইসলাম। 

তিনি বলেন, শহরের তমালতলা মোড় এলাকায় বেগুনী তৈরির জন্য প্রস্তুতকৃত বেগুনে পোকা থাকায় তাজ ক্যাফেকে ২০ হাজার ও রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও শহরের ফৌজদারি মোড়ে খোলাভাবে খাবার বিক্রি করায় আরও ভ্রাম্যমাণ ইফতারির দোকান মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে ইফতার দোকানীদের বিভিন্ন পরামর্শ ও সতর্ক করা হয়। পরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ইফতার সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মার্শাল হোসেন অভি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও আনসার সদস্যরা।