২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

দুই দিন আগে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে স্কুলছাত্র অনয়ের লাশ উদ্ধার করা হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2025, 12:51 AM

Updated : 26 Aug 2026, 11:38 AM

নরসিংদীর বেলাব উপজেলার স্কুলছাত্র অনয় চন্দ্র মোদককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বেলাব বাজারের প্রবেশ পথে এ কর্মসূচিতে বেলাব পাইলট সরকারি মর্ডান উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিচার দাবিতে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

এর আগে ১৪ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার মাটিয়াল পাড়ার গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে ১৩ বছর বয়সি অনয় শিক্ষা উপকরণ কেনার জন্য বাজার যায়। রাত ৮টার দিকে উপজেলা সড়কের একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বের হওয়ার পর নিখোঁজ হয় অনয়।

পরে একটি অপরিচিত নম্বর থেকে অনয়ের স্বজনের কাছে ফোন করে জানানো হয় তাকে অপহরণ করা হয়েছে। পরে অনয়ের স্বজনরা অপহরণকারীদের দেওয়া মোবাইল নম্বরে মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পাঠান।

কিন্তু অপহরণের পাঁচ দিন পর রোববার বিকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদীকান্দা এলাকা পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অনয়ের লাশ উদ্ধার করা হয়।

একই দিন মুক্তিপণের টাকা নেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে ভোলার লালমোহন উপজেলার চরলক্ষী সিকদার বাড়িতে অভিযান চালিয়ে সুমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সুমনের বিকাশ নম্বরে মুক্তিপণ দিয়েছিল বলে দাবি অনয়ের স্বজনদের।

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত অনেক দূর এগিয়েছে। দ্রুত হত্যার রহস্য উন্মোচন করা হবে।