Published : 02 Feb 2026, 02:34 PM
গণভোটে ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা ও অগ্রগতি, ‘না’ মানে গোলামি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় কুলালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।
এর আগে বেলা ১২টায় হেলিকপ্টারে করে সমাবেশে যোগ দেন জামায়াতে আমির।
মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।
এ লক্ষ্য বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি-স্বাধীনতা, আর ‘না’ মানে গোলামি।

“গণভোটের বিপক্ষে যারা অবস্থান নেবে, জনগণ ধরে নেবে তারা আবারও পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়।”
আগামী ১২ তারিখে ভোটের দিন পরিবার, প্রতিবেশী ও সহকর্মীদের নিয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান শফিকুর রহমান।
যুব সমাজ প্রসঙ্গে তিনি বলেন, “যুবকরা বেকার ভাতা নয়, তারা চায় মর্যাদা ও ন্যায়বিচার। অপমানজনক ভাতা নয়, যুবকদের হাতে তুলে দেওয়া হবে সম্মানজনক কর্মসংস্থান।”
মহেশখালী ও কুতুবদিয়াকে কেন্দ্র করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাস্তবায়িত হলে বাংলাদেশ সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও ভালো অবস্থানে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির।
দেশের জনগণের প্রশংসা করে তিনি বলেন, “৫ অগাস্টের পর চারদিন দেশে সরকার না থাকলেও কোথাও লুটতরাজ হয়নি। উন্নত অনেক দেশেও এমনটা দেখা যায় না। সমস্যা জনগণের নয়, সমস্যা ছিল নেতৃত্বে।”

শফিকুর রহমান অভিযোগ করেন, দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে-যা বার্ষিক বাজেটের প্রায় চার গুণ।
তিনি বলেন, “এই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। ইনসাফের ভিত্তিতে সারা দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে।”
দীর্ঘদিন অবহেলিত মহেশখালীকে একটি ‘স্মার্ট ইকোনমিক জোন’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, “১২ তারিখের নির্বাচনের পর ১৩ তারিখ হবে ‘নতুন বাংলাদেশের উদয়’।
“সঠিক নেতৃত্ব পেলে মাত্র পাঁচ বছরেই দেশের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়া সম্ভব। আমি বিভক্ত বাংলাদেশ চাই না-আমি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।”
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান ১১ দলীয় জোটের সম্মিলিত প্রতীক ‘দাড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বক্তৃতার শেষাংশে ভোট চুরির বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন।