২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

“ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2024, 04:57 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

রংপুর নগরীর নিজ বাসা থেকে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নগরীর মুলাটোল ব্যাংক কলোনির বাসা থেকে শুক্রবার রাতে মোস্তাকিম ইসলাম নামে ওই আইনজীবীর লাশ উদ্ধার করা হয় বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান।

৩৭ বছর বয়সী মোস্তাকিম বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট এলাকার খাদেমুল ইসলামের ছেলে এবং রংপুর জজ আদালতের আইনজীবী ছিলেন।  

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মোস্তাকিম তার স্ত্রী রিমু বেগমের সঙ্গে ওই বাসায় থাকতেন। সেখানে একই ইউনিটে তার ছোট ভাই আলাদাভাবে থাকতেন। চার দিন আগে রিমু বাবার বাড়িতে যান বলে জানা গেছে। তাদের কোনো সন্তান নেই।

নিহতের ছোট ভাই সোহান বলেন, “শুক্রবার রাতে ভাইকে ভাত খাওযার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে পড়ে থাকতে দেখি।

“ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। পরে থানায় খবর দেওয়া হয়।”

ওসি বলেন, “খবর পেয়ে রাত ১টার পর ওই বাসার দ্বিতীয় তলায় গিয়ে দেখি অ্যাডভোকেট মোস্তাকিমের মরদেহ মেঝেতে পড়ে আছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।