শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতের নির্দেশ আদালতের
২২ অগাস্ট এই নির্বাচন হওয়ার কথা ছিল।
ভোটার তালিকা নিয়ে আপত্তির অভিযোগে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছে আদালত।
বাদীপক্ষের আইনজীবী মো. আখতারুজ্জামান মঙ্গলবার বলেন, এ ব্যাপারে বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ সিদ্দিকী বাবু রোববার আদালতে একটি মামলা করেন। সোমবার দুপুরে মামলার শুনানি হয়। শুনানি শেষে বিচাারক জ্যেষ্ঠ সহকারী জজ তাহমিনা আফরোজ তানি এ নির্দেশ দেন।
মামলায় বলা হয়েছে, প্রকাশিত ভোটার তালিকায় ভুয়া ভোটার, একই নামে একাধিক ভোটার রয়েছে। এমন অভিযোগের মামলাটি করা হয়। ২২ অগাস্ট এই নির্বাচন হওয়ার কথা ছিল।
আইনজীবী বলেন, ত্রুটিযুক্ত ভোটার তালিকা ঠিক করে নির্বাচনের আয়োজনের কথা বলেছে আদালত। একই সঙ্গে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, সচিব হারুন-অর-রশিদ, প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুল আলম রকীব এবং বাছাই কমিটির আহ্বায়ক এম কে মুরাদুজ্জামানকে সাত দিনের মধ্যে এ ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে।
বাদীপক্ষে জেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, বিশেষ পিপি আশরাফুন্নাহার রুবি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আতাহার সহায়তা করেন।
দীর্ঘদিন পর চেম্বার অব কমার্সের নির্বাচনি তফসিল ঘোষণার পর উৎসবমুখর পরিবেশে সাধারণ, সহযোগী ও ট্রেড গ্রুপে পরিচালক পদে প্রার্থীদের মনোনয়ন দাখিল, বাছাই ও প্রত্যাহার হয়।
নির্বাচনে ট্রেড গ্রুপে দুইজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৩৪ জন প্রার্থী পরিচালক পদে ভোটে অংশ নেওয়ার কথা ছিল।
নির্বাচন পরিচালনা বোর্ড ঘোষিত ভোটার তালিকা অনুযায়ী, ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার ৩৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার রয়েছেন।
