বগুড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ৩
নিহতদের লাশ বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে পুলিশের এসআই নূর হোসেন জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে চালকসহ মোট ১২ জন ছিল। অগ্নিকাণ্ডে দগ্ধ এবং আহত হয়েছেন নয় জন।
নিহতরা হলেন- রংপুরের কাউনিয়া উপজেলার সালুক শাহবাগ গ্রামের মোমিনুর ইসলাম (৫৫) ও তার বোন শিউলী বেগম (৪৫) এবং একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে মো. তায়েবা (১৫)।
তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আহতরা হলেন- ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, “ঈদের ছুটি কাটাতে ১১ জন একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল। পথে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়।
“মুহূর্তেই পুরো গাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায়। আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা গেছেন।”
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আগুনের তীব্রতায় যাত্রীদের গাড়ি থেকে বের হওয়ার সুযোগ ছিল না। চালক ভেতরেই পুড়ে প্রাণ হারান।
শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।”
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, “ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি ফিরছিলেন সবাই। পথে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
