Published : 18 May 2026, 08:48 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ডাল কাটতে গাছে উঠে পড়ে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের শিবরাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দিক।
নিহত বাবু মিয়া (৪৫) উপজেলার মৌজা মালতিবাড়ী মুসুল্লীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে নিজ জমিতে লাগানো একটি ইউক্যালিপটাস গাছের ডাল কাটতে ওঠেন বাবু মিয়া। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ও সায়েম মিয়া বলেন, বাবু মিয়া গাছের উঠে ডাল কাটছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার কথা বলেছেন ওসি সাইদ ইবনে সিদ্দিক।