আওয়ামী লীগের মিছিল: লক্ষ্মীপুরের সেই স্কুলছাত্রের জামিন
৩০ মে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলার আসামি এক স্কুলছাত্রকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত।
গ্রেপ্তারের ১৫ দিন পর সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান তার জামিন মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন জানান।
আইনজীবী বলেন, প্রতি সোমবার আদালতে উপস্থিত এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলসহ কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করার শর্তে আদালত তাকে জামিন দেন।
সে রামগতি উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
মামলার বরাতে আইনজীবী বলেন, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে স্লোগান দেয় ও ঝটিকা মিছিল করে। এতে জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটে। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করে।
এ ঘটনায় ৪ জুন রামগতি থানার এসআই ময়নাল হোসেন বাদী হয়ে স্কুলছাত্রসহ ১২ জনের নাম দিয়ে মামলা করেন।
২ অগাস্ট স্কুলছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন তাকে আদালতের মাধ্যমে গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
আইনজীবী আব্দুর রব সুমন বলেন, জন্মনিবন্ধন অনুযায়ী স্কুলছাত্রের বয়স ১৪ বছর ২ মাস। তবে মামলার এজাহারে জন্ম নিবন্ধনের সঙ্গে তার নাম কিংবা বয়সের মিল দেখা যায়নি। এজাহারে তার ভিন্ন নাম রয়েছে এবং বয়স বলা হয়েছে ১৯।
তবে আদালতে উপস্থাপন করার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান স্কুলছাত্রের নাম সংশোধন করলেও বয়স দেখিয়েছেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন।
